Describe the work of a river in its course , নদী তাহার গতিপথের বিভিন্ন স্তরে কি কি কার্যসাধন করে তাহা বুঝাইয়া দাও। বা,নদী কিভাবে ক্ষয় ও সঞ্চয়কার্য করে তাহা বর্ণনা কর। নদী হইতে মানুষ কি উপকার লাভ করে?
ন
দীর উৎস বা উৎপত্তিস্থল হইতে আরম্ভ করিয়া গন্তব্যস্থল পর্যন্ত উহার আকৃতি ও প্রকৃতিগত অবস্থা এক ধরনের নহে। নদী ইহার গতিপথে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করিয়া থাকে। নদীর এই বিবিধ কার্যাবলীর অনুসরণ করিয়া নদীকে তিনভাগে ভাগ করা যায়। যথা- (১) প্রাথমিক গতি বা উচ্চগতি; (২) মধ্যগতি ও (৩) নিম্নগতি। অবশ্য সকল নদীর ক্ষেত্রেই এই অবস্থা তিনটি সমানভাবে পরিলক্ষিত হয় না।
- (১) প্রাথমিক গতি বা উচ্চগতি (Upper course):- নদী উহার উৎপত্তিস্থল হইতে আরম্ভ করিয়া পার্বত্য-অঞ্চলের মধ্য দিয়া বহিতে থাকে। এইভাবে বহিতে বহিতে সমভূমিতে পৌঁছার পূর্ব পর্যন্ত নদীর প্রাথমিক গতি ধরা হয়। পার্বত্য অঞ্চলের ভিতর দিয়া চলে বলিয়া ইহাকে নদীর পার্বত্য অবস্থাও (mountain stage) বলে। প্রাথমিক অবস্থায় নদীর বেগ অত্যন্ত প্রবল থাকে। এইজন্য নদীমুখে যে সব শিলা পড়ে সেইগুলি এই নদীর জলের প্রচণ্ড আঘাতে চূর্ণ-বিচূর্ণ হইয়া নদীজলের সহিত বাহিত হয়। আবার এই চূর্ণীকৃত শিলার আঘাতে নদীর খাত গভীর ও প্রশস্ত হয়। স্থানে স্থানে জলপ্রপাত ও গিরিখাতেরও সৃষ্টি হইয়া থাকে। নদীর গতির এই অংশে প্রধানতঃ নদীর 'কাজ ক্ষয়সাধন।
- (২) মধ্যগতি (Middle course): পার্বত্য অঞ্চল পার হইয়া আসিয়া নদী সমভূমির উপর দিয়া বহিতে থাকে। ইহাকে সমভূমি অবস্থাও (plain stage) বলা হয়। নদীর এই অংশে বেগ ক্রমশঃ কমিতে থাকে। সেইজন্য অপেক্ষাকৃত ভারী শিলাগুলি নদীগর্ভে বা উহার কূলে সঞ্চিত হইতে থাকে। এবং ছোট ছোট বালুকা ইত্যাদি স্রোতের দ্বারা সমুদ্রের দিকে নীত হইতে থাকে। এই অংশে নদীর কাজ বহন।
- (৩) নিম্নগতি (Lower course): সমুদ্র নিকটবর্তী অঞ্চলে নদীর গতিকে নিম্নগতি বলা হয়। এখানে আসিয়া নদীর বেগ অত্যন্ত কমিয়া যায়। নদী বিভিন্ন পথে সাগরের সহিত মিলিত হয়। নদীবাহিত বালুকণা কাদা ইত্যাদি নদীগর্ভে সঞ্চিত হইয়া ব-দ্বীপের সৃষ্টি করে। এইস্থানে নদীর কাজ অবক্ষেপন। (deposition)। গঙ্গা নদীর প্রাথমিক গতি, মধ্যগতি ও নিম্নগতিকে সুস্পষ্টভাবে ভাগ করা যায়। গঙ্গোত্রি নামক হিমবাহ হইতে উৎপন্ন হওয়ার পর হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি বা প্রাথমিক গতি; হরিদ্বার হইতে ২৪ পরগণার ডায়মণ্ডহারবারের নিকটবর্তী গঙ্গার মোহনার পূর্ব পর্যন্ত ইহার মধ্যাবস্থা এবং তাহার পর হইতে ইহার নিম্নগতি।
